চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৫৪৯
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৭৫টি নমুনা পরীক্ষা করে ৫৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২১ দশমিক ২২ শতাংশ।
এদিন চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে। তিনি নগরের বাসিন্দা।
বুধবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৩৭৬ জন নগরের ও ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৯৯২ জন। এর মধ্যে নগর এলাকায় ৮৮ হাজার ১৮৩ জন এবং উপজেলায় ৩২ হাজার ৮০৯ জন।
এ ছাড়া মোট মারা গেছেন ১ হাজার ৩৫৯ জনের মধ্যে ৭৩৪ জন নগর এবং ৬২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, এ পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।