জায়েদের পদ স্থগিত করে আবার নির্বাচনের দাবি নিপুণের
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন-২০২২ এ অনিয়মের অভিযোগ তুলে সাধারণ সম্পাদক জায়েদ খানের পদ স্থগিত করে আবার নির্বাচনের চেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ।
আজ রোববার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রতিবন্ধকতা সৃষ্টি ও টাকা দিয়ে ভোট কেনাসহ বহু অভিযোগ তোলেন এই অভিনেত্রী।
নিপুণ দাবি করছেন, ভোটের দিন তাদের ব্যারিকেড দিয়ে একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়। সেই ব্যারিকেডে জায়েদ খান কখনো আসেননি। তাহলে নিয়ম-কানুন কী শুধু কাঞ্চন-নিপুণ পরিষদের জন্য।
তিনি বলেন, জায়েদ খান দাবি করেছেন নির্বাচনে কোনো টাকা দেননি। কিন্তু এসব ভিডিওতে প্রমাণিত। যে ভিডিও সারা দেশে ভাইরাল হয়েছে।
নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের প্রসঙ্গ তুলে নিপুণ বলেন, পীরজাদা হারুন, জায়েদ খান ও এফডিসি এমডি মিলে একটা গ্যাং। এরা সবাই মিলে আমাদের বিরুদ্ধে কাজ করেছে।
তিনি আরও বলেন, ‘এখানে জায়েদ খান, এফডিসির এমডি, আর নির্বাচন কমিশনার পীরজদা হারুন একটা চক্র। তারা সবাই মিলে জায়েদ খানকে জিতিয়ে দিয়েছে। তারা টাকা দিয়ে ভোট কিনেছে ভিডিওতে সেটা দেখা গেছে।’
এই নায়িকা প্রশ্ন রেখে বলেন, এই পদটা (সাধারণ সম্পাদক) স্থগিত করে কেন ইলেকশন হচ্ছে না?
নিপুণ বলেন, আমি আবার শিল্পী সমিতির নির্বাচনে শুধু সাধারণ সম্পাদকের ভোট চাই। অন্যপদের নির্বাচন চাচ্ছিনা। আমি সবকিছুর জন্য উচ্চ আদালতে যাবো। আমাদের শিল্পী সমিতির নির্বাচনে এই নিয়ম আছে শুধু এক পদের ভোট হওয়া।’
সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, আফজাল শরীফ, সাইমন, জেসমিনসহ অনেকেই।