বাঁশখালী পৌর নির্বাচনে নৌকার জয়
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ১৪ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
রোববার সন্ধ্যার দিকে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম জেলা সিনিয়র রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম। এর আগে উপজেলার ৯টি ওয়ার্ডের ১১টি ভোট কেন্দ্রে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম। ঘোষিত ফলাফলে ১৪ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা কামরুল ইসলাম হোসাইনী (মোবাইল) পান ১ হাজার ৩৬৫ ভোট।
নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম জানান, ভোট চলাকালীন সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একইসঙ্গে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
চট্টগ্রাম জেলা সিনিয়র রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, নির্বাচনে ২৬ হাজার ৯৮০ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ৭২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার ভোট ভোটারের ৫৮.৯২ শতাংশ।