ইউপি নির্বাচন: আজ রাতে শেষ হচ্ছে প্রচারণা
আনোয়ারা প্রতিনিধি: আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। সে হিসেবে আজ রাতেই শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।
বুধবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোটযুদ্ধ। তাই শেষ মুহুর্তে প্রচারণায় ব্যস্ত দিন পার করছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার শেষ দিন হওয়ায় প্রার্থীদের ব্যস্ততাও বেড়ে গেছে অনেক।
অনেকটা শেষ মুহুর্তে এসে জমে উঠেছে আনোয়ারা উপজেলার ১০ ইউপি নির্বাচনের প্রচারণা। উপজেলার বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বরুমচড়া, বারখাইন, আনোয়ারা সদর, চাতরী, পরৈকোড়া, হাইলধরসহ ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইতোমধ্যে বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান নোয়াব আলী ও বারখাইন ইউনিয়নে চেয়ারম্যান হাসনাইন জলিল শাকিল, ৮নং চাতরী ইউনিয়ন পরিষদ মো. আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবং আইনী জঠিলতার কারণে বটতলী ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত বন্ধ। এ কারণে ওই ইউনিয়নে শুধুমাত্র সাধারণ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
অপরদিকে নির্বাচনের শেষ সময়ে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার-চায়ের দোকানে আড্ডা জমে উঠেছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে নানা ধরনের যুক্তিতর্ক তুলে ধরছেন। এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে কাজ করবে এমন প্রার্থীকে নির্বাচন করা হবে বলে জানান সাধারণ ভোটাররা।
উপজেলার অন্য ৬ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে লড়ছেন। এই নির্বাচনে প্রচারণা চলাকালে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও একে অপরের উপর অভিযোগও দিচ্ছে একাধিক।
তবে সব মিলিয়ে ভোটারদের আশা, বুধবার ( ৫ জানুয়ারি) একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে প্রশাসন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, সাধারণ সদস্য পদে ৩৮৩জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নে মোট ১ লাখ ৯৫ হাজার ৪৫০ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ২ হাজার ৯৯১জন এবং নারী ভোটার ৯২ হাজার ৪৫৯জন।
এদিকে নির্বাচনী প্রচারণার শেষ সময়ে যাতে এলাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীও টহল জোরদার করেছে।
আজ রাত ১২ টার পর থেকে বন্ধ থাকবে সম্পূর্ণ ভাবে সব রকম নিবার্চনী প্রচারণা, মিটিং, জনসভা, মাইকিং।
চার তারিখ দিবাগত মধ্যরাত থেকে পাঁচ তারিখ মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ইত্যাদি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেই সঙ্গে ভোটগ্রহণের আগের দুই দিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মোঃ আনোয়ার খালেদ জানালেন, নির্বাচনী প্রচারণার শেষ মুহুর্তে যাতে কোন ধরনের সহিংসতার ঘটনা না ঘটে সেজন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।