ইউপি নির্বাচন: আনোয়ারায় তিনটি ইউনিয়ন ছাড়া লড়াই হবে সবখানে
আনোয়ারা প্রতিনিধি: আগামী ৫ জানুয়ারি চট্টগ্রামের আনোয়ারায় হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এখানকার ১০টি ইউনিয়নে নির্বাচন হলেও লড়াই হবে সাত ইউনিয়নে। কারণ তিনটি ইউনিয়নে ইতোমধ্যে বিনাভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন, নির্বাচন কমিশন ও আনোয়ারা থানা পুলিশ। এজন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান-মেম্বার (সাধারণ সদস্য) প্রার্থীসহ সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ০৫ জানুয়ারি আনোয়ারা উপজেলার বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বরুমচড়া, বারখাইন, আনোয়ারা সদর, চাতরী, পরৈকোড়া, হাইলধর ইউনিয়নে ভোটগ্রহণ হবে। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বৈরাগের নোয়াব আলী, বারখাইনে হাসনাইন জলিল চৌধুরী শাকিল, চাতরীতে আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মোঃ আনোয়ার খালেদ বলেন, উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারণ সদস্য পদে ৩৮৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নে মোট ১ লাখ ৯৫ হাজার ৪৫০ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ২ হাজার ৯৯১জন এবং নারী ভোটার ৯ লাখ ২ হাজার ৪৫৯জন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, উপজেলার১০ টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে শেষ করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এজন্য প্রতিদিন এসব ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান-মেম্বার প্রার্থী ছাড়াও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে আইন-শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছে পুলিশের সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এজন্য উপজেলা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী মুক্তমঞ্চ প্রাঙ্গনে ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের নিয়ে মতিবিনিময় করা হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন আনোয়ারা সার্কেল এএসপি হুমায়ূন কবির।