শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষা থেকে বের হয়ে আসতে হবে: শিক্ষা উপমন্ত্রী
‘শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষা থেকে বের হয়ে আসতে হবে। আজকাল একটি বদ্ধমূল ধারণা আছে- বিএ পাস না করলে বিয়ে হয় না। এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। উন্নত দেশে আমরা দেখেছি কৃষি, ড্রাইভিং, সেলাই সবকিছু শেখানো হয়। কিন্তু আমাদের দেশে বড় বড় সরকারি চাকরি কিভাবে পাওয়া যায়, সে চিন্তায় ব্যস্ত থাকে তরুণরা।’
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে হাটহাজারী এ কে সিদ্দিকী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে মুজিববর্ষ ও মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।
নওফেল বলেন, মুসলিম দেশগুলোও শালীনতা রক্ষা করে সব কাজ করছে। আমরা কেন আমাদের মেয়েদের রান্নাঘরে আটকে রাখব। এ মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। ইসলামে কর্মে বাধা দেওয়ার কোনো বিধান নেই। ছেলেমেয়েকে সমান গুরুত্ব দিতে হবে। অভিভাবকদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
ছাত্র রাজনীতি বিষয়ে তিনি বলেন, সবকিছু ছেড়ে দিয়ে রাজনীতি করা যাবে না। জীবিকা অর্জনের সব বন্দোবস্ত করেই রাজনীতিতে আসতে হবে। রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না। রাজনীতি একজন ব্যক্তির আদর্শ। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি যে কেউ রাজনীতি করতে পারে। রাজনীতি মানে একটি আদর্শিক অবস্থান। রাজনীতির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো যায়। সংগঠন জমি দখলের জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রত্না রানি চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক হোসাইন আহমেদ আরিফ ইলাহী, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম প্রমুখ