বিপ্লব উদ্যানের সৌন্দর্যবর্ধন কাজে ধীরগতিতে মেয়রের অসন্তোষ
নগরীর দুই নম্বর গেটে বিপ্লব উদ্যানের সৌন্দর্যবর্ধন কাজে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি দ্রুততম সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন করার জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন।
বুধবার (২২ ডিসেম্বর) সকালে তিনি ষোলশহর দুই নম্বর গেট বিপ্লব উদ্যানের কাজ পরিদর্শনে যান।
এ সময় মেয়র বলেন, চট্টগ্রাম প্রকৃতির অনন্য সৃষ্টি। প্রকৃতিকন্যা চট্টগ্রামের উন্মুক্ত উদ্যান, সড়ক, ফুটপাত, মিড আইল্যান্ড ও গোলচত্বরগুলো নান্দনিক উপস্থাপনে হাতে নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। প্রকৃতির সাথে সমন্বয় রেখে এই সৌন্দর্যবর্ধন কাজ করতে হবে। এজন্য প্রয়োজন সৃজনশীলতা ও বৈচিত্র্যময় চিন্তা-চেতনার। এই প্রকল্পগুলোর মাধ্যমে নগরীকে নান্দনিক ও সবুজায়ন করা হবে। এছাড়া নগরীর ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ স্থান সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে মনোনিবেশ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চসিক’র প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।