আনোয়ারায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: সারাদেশের ন্যায় স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামের আনোয়ারায় উদ্বোধন করা হয়েছে ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে দিয়ে আনোয়ারা উপজেলা পর্যায়ে এই ক্যাম্পেইনের আনুষ্টানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোঃ সাইফ উদ্দিন।
এই সময় ডাঃ আবু জাহিদ মোঃ সাইফ উদ্দিন বলেন, চারদিন ব্যাপী এই ক্যাম্পেইনে উপজেলার ১১ ইউনিয়নের ১টি স্থায়ী কেন্দ্র, ৬৬টি অস্থায়ী কেন্দ্রে মোট ৩৮ হাজার ৯৯১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
৬-১১ মাস বয়সী ৪ হাজার ১৪৩ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আই.ইউ) ও ১২-৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৮৪৮ শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আই.ইউ) খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।