বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলমের ইন্তেকাল
প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম (৬৯) সোমবার ( ১ নভেম্বর) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভূগছিলেন। তাঁর পিতার নাম মরহুম আবদুর রশীদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল ২ নভেম্বর মঙ্গলবার বাদে জোহর আকবর শাহ থানাধীন শহীদ লেইনস্থ তির রাস্তার মোড়ে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখানকার পাঞ্জাবী লেইনস্থ কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
উল্লেখ্য যে, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ শাহ আলম। বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, আকবর শাহ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিম উল্লাহ ও ডেপুটি কমান্ডার মোঃ নূর উদ্দিন।