সেনাবাহিনীর পক্ষ হতে মানবিক সহায়তা প্রদান!
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ হতে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১লা নভেম্বর সোমবার সকাল ১০ টায় জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়ার নির্দেশে বান্দরবান সেনা রিজিয়ন এর বান্দরবান, আলীকদম, রুমা, নাইক্ষ্যংছড়ি ও বলিপাড়া জোন কর্তৃক সর্বমোট ৭৫ পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন, সোলার প্যানেল, ছাগল, কৃষি যন্ত্রপাতি এবং পানি সেচের মেশিন প্রদান করা হয়।
এছাড়াও রিজিয়নের নির্দেশনায় সকল জোন এর তত্ত্বাবধানে কৃষি যন্ত্রপাতি-১১টি, পানি সেচের মেশিন-০২, ছাগল ২৭টি, গরুর বাছুর-১টি, হস্তচালিত তাঁত-১টি, সোলার প্যানেল-০৮টি, সেলাই মেশিন-২৪টি এবং আর্থিক সাহায্য সহায়তা প্রদান করা হয়। বান্দরবান সেনা রিজিয়ন এর সকল জোনে, জোন কমান্ডারগণের উপস্থিতিতে মানবিক সহায়তা প্রদান করা হয়।
বান্দরবান সেনানিবাসে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের এই সকল সামগ্রী প্রদান করেন। এছাড়াও বান্দরবান সেনা জোন কমান্ডার সহ অন্যান্য জোনের উর্ধতন সেনাকর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক বলেন, পার্বত্য অঞ্চলে আমরা অপারেশন উত্তরণ এর দায়িত্ব পালনের পাশাপাশি এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহযোগীতা প্রদান করে আসছি।
আমরা Social Safety Network Program এর আওতায় বিশেষত দুর্গম পাহাড়ি এলাকার সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে এবং তাদেরকে স্বাবলম্বী করার ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য।
আমরা সকল জনসাধারণের নিরাপত্তার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় পার্বত্য অঞ্চলের সকলকে সামিল করতে চাই।
তিনি আরো বলেন, দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদেরকে সাবলম্বী করতে তাদের প্রয়োজনীয় সামগ্রী দিতে পেরে আমরা আজ অনেক আনন্দিত।বিগত সময়ের মত ভবিষ্যতেও এই ধরনের সহযোগীতা কার্যক্রম অব্যহত থাকবে।
এছাড়াও পার্বত্য জেলার দূর্গম পাহাড়ী অঞ্চলে সন্ত্রাসীদের দমন করতে সেনাবাহিনী সার্বক্ষনিক সকলের পাশে আছে।
কোন ক্রমেই পার্বত্য জনপদে সন্ত্রাসের কোন কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই। প্রত্যন্ত এলাকার পাহাড়ি জনসাধারণের জীবনযাত্রার ব্যাঘাত সৃষ্টি কারিদের আমরা শক্ত হাতে দমন করবো।তাই সাধারণ মানুষ চাঁদাবাজ/ সন্ত্রাসীদের ভয় না পেয়ে তাদের সম্পর্কে তথ্য দিয়ে সকলকে সহযোগীতা করবেন।