উগ্রবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবেঃ হানিফ


ডেস্ক নিউজঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, সরকারের শান্তি, সম্প্রীতি এবং অগ্রগতি রক্ষাকে বানচাল করার জন্য যে অপশক্তি জেগে উঠেছে তাদেরকে প্রতিহত করতে হবে। বাংলাদেশে উগ্রবাদের কোনো স্থান নেই। এ পর্যন্ত যত সহিংসতার ঘটনা ঘটেছে, সেসব ঘটনার বিচার হবে। যদি সাধারণ আইনে না হয়, তাহলে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে উগ্রবাদের বিচার করা হবে। শনিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর কাজির দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে প্রয়াত আওয়ামী লীগ নেতা ৩১নং ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, এদেশে
সকল ধর্মের মানুষের মধ্যে যে শঙ্কা ও ভীতি রয়েছে, সেটি দূর করতে চাই। উগ্রবাদের বিরুদ্ধে আমাদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রুখে দাঁড়াতে হবে।
আমরা ক্ষমতায় থাকলেও কিন্তু কঠিন সময় অতিক্রম করছি। কারণ আমরা আত্মতুষ্টিতে ভোগে দলের অস্তিত্বের ভিত্তি দুর্বল করে ফেলছি। মনে রাখতে হবে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাই আমরা কে বড় হব এই প্রতিযোগিতায় না নেমে নিজের অস্তিত্বের জায়গাটুকু সুদৃঢ় করতে হবে।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বলেন, তারেক সোলেমানরা আওয়ামী লীগের জন্য সম্পদ। তাদেরকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। সব সময় তারা দলের দুঃসময়ে এগিয়ে এসেছেন। দলকে সংগঠিত করেছেন। যখনই আমরা আওয়ামী লীগের ক্রান্তিকাল দেখেছি সেলিম ভাইকে দলের জন্য জীবনবাজি রাখতে দেখেছি। দলের নেতা-কর্মীদের কল্যাণে নিজেকে সব সময় নিবেদিত করেছেন।

নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে, আওয়ামী লীগ নেতা
জামশেদুল আলম চৌধুরীর সঞ্চালনায়, এতে আরও বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল হক রাসেল, চসিক কাউন্সিলর ও প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নুরুল আমিন কালু, আতাউল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদেক হোসেন পাপ্পু, ও মরহুম তারেক সোলেমান সেলিমের সন্তান মৃহাইনিম তারেক রাতুল।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.