পার্বত্য চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি: বীর বাহাদুর
মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় সফরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমার সভাপতিত্বে রোয়াংছড়ি টাউন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় পার্বত্য মন্ত্রীর সফর সংঙ্গী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফোরকান এলাহি অনুপম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজমুল হাসান, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো.আব্দুল আজিজ, বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত,জেলা পরিষদ সদস্য কাঞ্চনজয় তংচঙ্গ্যা,লক্ষীপদ দাশ, তিংতিংম্যা সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

২৬ সেপ্টেম্বর, রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি রোয়াংছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩ কোটি ১০লক্ষ টাকা ব্যয়ে রোয়াংছড়ি টাউন হল, রোয়াংছড়ি বাস টার্মিনাল ভবন, বটতলী পাড়া বৌদ্ধ বিহার,বেক্ষ্যং বিদ্যালয় ভবন সহ উদ্ধমুখী সম্প্রসারণ ও ঘিলাফুল গণপাঠাগার নির্মাণ কাজের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি পার্বত্য এলাকার আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই সরকারের আমলে সমতলের পাশাপাশি পার্বত্য এলাকায় অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে।
মন্ত্রী আরো বলেন, রোয়াংছড়ি উপজেলার উন্নয়নে আগামীতে আরো নতুন নতুন সড়ক নির্মাণ,পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে পাহাড়ের আনাচে-কানাচে নতুন নতুন সড়ক, ব্রীজ ও বিভিন্ন স্থাপনা তৈরি করার আশাবাদ ব্যক্ত করেন।