কঠোর ভাবে পালিত হলো টানা তৃতীয় দিনের লকডাউন
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমন রোধে টানা তৃতীয় দিনের মত পালিত হলো কঠোর লকডাউন। শহরের প্রায় গুরুত্বপূর্ণ এলাকার রাস্তা ঘাট ছিলো ফাঁকা। সরকারী নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একাধিক টিম।
শুক্রবার সকাল থেকে বান্দরবান সদরের প্রবেশপথে বান্দরবান-কেরানীহাট সড়কের হলুদিয়া পয়েন্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এছাড়াও জেলা শহরের বিভিন্ন মোড়ে বসানো হয় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেৃতত্বে একাধিক মোবাইল কোর্ট টিম। সেনাবাহিনীর একাধিক টিম গাড়ী নিয়ে হ্যান্ড মাইকে কোভিড-১৯ মোকাবেলায় সরকারী নির্দেশনা মানতে সতর্কতামূলক প্রচারণা চালিয়েছেন।
বান্দরবান বাজার’সহ আশপাশের এলাকাগুলোতে অপ্রয়োজনীয় ঘুরাফেরা করা লোকজনদের ধাওয়া করেন আইন শৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর উপস্থিতিতে কিছুটা ফাঁকা হয়ে যায় বান্দরবানের ব্যাস্ততম রাস্তাঘাট ও বাজার এলাকা।
প্রশাসনের তথ্যমতে, কঠোর লকডাউন কার্যকরে মাঠে রয়েছে প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ১৩ টি মোবাইল কোর্ট টিম। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরাও মাঠে রয়েছে সরকারী নির্দেশনা বাস্তবায়নে। লকডাউনে সরকারী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ইয়াছমিন পারবীন তীবরীজি জানান, করোনা ভাইরাসের সংক্রমন রোধে স্বাস্থ্যবিধি এবং সরকারী নির্দেশনা অমান্য করার কোনো সুযোগ নেই। লকডাউনে সরকারী নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একাধিক টিম। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি করোনা সতর্কতায় সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করেন।
এদিকে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে একাধিক মানুষের সাথে কথা বল্লে তারা প্রতিবেদক কে জানান গত কয়েক বছরের করোনার কারণে অনেক বার লকডাউনে ছিলাম আমরা ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন ভালো নেই।