নগর ও উপজেলা মিলিয়ে ১২ লাখ ৯৭ হাজার ৮১৫ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
কে এম রাজীবঃ আগামী ৫ জুন শনিবার থেকে ১৯ জুন শনিবার পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামেও অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১। ওই দিন( ৫ জুন) শনিবার সকাল ৮টায় আন্দরকিল্লাস্থ জেনারেল হাসপাতালে জেলা পর্যায়ের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।
বৃহস্পতিবার (৩ জুন) বিকাল ৩টায়
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অধীন স্বাস্থ্য অধিদফতরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও পুষ্টি সেবার বাস্তবায়নে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠানে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, এ কার্যক্রম আগামী ৫ জুন থেকে ১৯ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে, শুধুমাত্র সাপ্তাহিক ছুটির ২ দিন টিকা কর্মসূচি বন্ধ থাকবে। এসময় তিনি আরও বলেন, নগর ও জেলা মিলিয়ে সর্বমোট ১২ লাখ ৯৭ হাজার ৮১৫ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদের মধ্যে নগরের ৪১ ওয়ার্ডে ৫ লাখ ১০ হাজার ৩১ জন এবং ১৫টি উপজেলায় ৭ লাখ ৮৭ হাজার ৭৮৪ জন শিশুকেও এই ক্যাপসুল খাওয়ানো হবে।
সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধয়ক সুজন বড়ুয়া ও স্বাস্থ্য পরিদর্শক (পটিয়া) অলক দাশ।