নগরীর জুবিলি রোডে চুরির ঘটনায় নগদ টাকা সহ আটক ৩
কে এম রাজীবঃ নগরীর কোতোয়ালি থানাধীন জুবিলি রোড শাখার মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক চুরির চেষ্টা এবং একই ভবনের বাংলাদেশ সাপ্লাইয়ার্স নামের এক ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে ঢুকে ২৭ লক্ষ,৫০ হাজার, টাকা চুরির ঘটনায় ২টি চাপাতি, ১টি রেঞ্জ, ঘটনায় ব্যবহৃত সিএনজি ও নগদ ২৭ লক্ষ ৫ হাজার টাকা সহ মাহফুজ (৩০) মোঃ মনির হোসেন (৪০) ও খুকি বেগম নামের তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ মে) দুপুরে উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিভাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিজয় বসাক।
জানা যায়, বাংলাদেশ সাপ্লাইয়ার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কাইজার আবুওয়ালা প্রতিদিনের মতোই গত ১৮ মে সন্ধ্যা ৭ টায় তার ব্যবসা প্রতিষ্ঠানের ৪র্থ তলার অফিসের দরজার তালাবন্ধ করে বাসায় চলে যান। পরবর্তীতে ১৯ মে সকাল সাড়ে ১০ টায় মোবাইল ফোনে জানতে পারেন তার ব্যবসা প্রতিষ্ঠান তথা আমাফা সেন্টার বিল্ডিংয়ের ৩য় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, জুবলী রোড শাখার জানালার গ্রীল কেটে ভিতরে চোর ঢুকেছে। তিনি খবর পাওয়ার আধ ঘন্টা পর এসে ভিতরে প্রবেশ করে দেখেন ব্যাংকের দক্ষিণ পার্শ্বে জানালার লোহার গ্রীল কাটা।এসময় তিনি ব্যাংকের লোকজনদের জিজ্ঞাসা করলে তারা জানান, ব্যাংকের মধ্যে চোর ঢুকলেও কোন মালামাল বা টাকা পয়সা নিয়ে যায় নাই। এর পর তিনি ৪র্থ তলায় অর্থাত বাংলাদেশ সাপ্লাইয়ার্স অফিসের ভিতর প্রবেশ করে দেখতে পান, অফিসের ২টি জানালার গ্রীল কাটা এবং অফিস কক্ষের ভিতর রক্ষিত লোহার সিন্ধুক এবং আলমারির ড্রয়ার খোলা অবস্থায় পড়ে আছে। লোহার সিন্ধুকের ড্রয়ারের ভিতর রক্ষিত যাবতীয় মূল্যবান জিনিসপত্র সহ কাগজপত্র মেঝেতে ছড়ানো ছিটানো অবস্থায় এবং সিন্ধুকের ড্রয়ারে রক্ষিত ব্যবসায়ের প্রায় নগদ ২৭ লক্ষ ৫০ হাজার টাকা যথাস্থানে নাই। উক্ত ঘটনার বিষয়ে কাইজার আবুওয়ালা ও ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে এজাহার দায়ের করলে তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয় বলে জানা যায়।
সংবাদ সম্মেলনে আরও জানা যায়, মামলা পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক এর দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আমিনুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মোঃ মুজাহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ নেজাম উদ্দীন এর নেতৃত্বে, কোতোয়ালী থানার টিম অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিএনজি ড্রাইভার মাহফুজ (৩০) কে ২১ মে ১১.৩৫ মিনিটের সময় নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেলষ্টেশনস্থ গাউছিয়া সাইকেল মার্টের বিপরীত পাশে গ্রামীণ মাঠের প্রবেশ মুখে রাস্তার উপর হতে গ্রেফতার করে এবং তার কাছে থাকা নগদ ৫হাজার টাকা ও ২টি চাপাতি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে তার সঙ্গীয় মোঃ মনির হোসেন (৪০) উক্ত চুরির ঘটনা সংঘটন করেছে বলে জানায় ড্রাইভার মাহফুজ।পরবর্তীতে বিষয়টি উর্ধবতন কর্তৃপক্ষকে অবহিত করে ধৃত সিএনজি ড্রাইভার মাহফুজের দেওয়া তথ্য মতে আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী কাচাবাজার টাংকি পাহাড় শান্তিনগর, জি-ব্লকের খুকি বেগমের ঘরে অভিযান পরিচালনা করে মোঃ মনির হোসেন ও খুকি বেগম কে ২২মে ৩.২৫ মিনিটের সময় গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ মনির হোসেন কে জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে এবং চোরাইকৃত টাকা খুকু মনি প্রঃ খুকি বেগমের নিকট আছে বলে জানায়। খুকু মনি প্রঃ খুকি বেগমেকে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় উক্ত চোরাইকৃত টাকা বসতঘরের ভিতরের রুমে সানসিটে রক্ষিত আছে এবং তার দেখানো বসতঘরের সানসিটের উপর হতে একটি প্লাস্টিকের ব্যাগ ভর্তি চোরাইকৃত ২৭ লক্ষ টাকা ও চোরাইকাজে ব্যবহৃত ১টি রেঞ্জ পেয়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত মোঃ মনির হোসেন (৪০) কে জিজ্ঞাসাবাদে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের বাসা বাড়িতে চুরির কথা স্বীকার করে এবং তার বিরুদ্ধে নগরীর আকবর শাহ ও খুলশী থানায় একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানা যায়।