আইনজীবীরা নিজের শ্রম দিয়ে মানুষকে ন্যায্য বিচার পাইয়ে উপার্জন করতে চায়
নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অনতিবিলম্বে নিয়মিত আদালত খোলার দাবি জানিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সমাবেশে নেতারা বলেছেন, ভার্চুয়াল আদালত নিয়মিত আদালতের বিকল্প হতে পারে না। যদি স্বাস্থ্যবিধি মেনে দেশের শিল্পকারখানা, সরকারি ও বেসরকারি অফিসের কার্যক্রম, এমনকি হাটবাজার ও গণপরিবহন চলতে পারে, তাহলে নিয়মিত আদালত খুলে দিলে সমস্যা কোথায়। বিচারপ্রার্থী ও আইনজীবীদের স্বার্থে অবিলম্বে নিয়মিত আদালত খুলে দিতে হবে। বৃহস্পতিবার (২০ মে) সকালে নিয়মিত আদালত চালুর দাবিতে সমাবেশে নেতারা এসব কথা বলেন।
এসময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এএইচএম জিয়াউদ্দিন বলেন, আমরা কোনো অনুদান কিংবা প্রণোদনা চাই না। আইনজীবীরা নিজের শ্রম দিয়ে মানুষদের ন্যায্য বিচার পাইয়ে উপার্জন করতে চায়। স্বাস্থ্যবিধি মেনে সাক্ষীগ্রহণ ছাড়া বাকি সব আদালতের নিয়মিত কার্যক্রম চালু করার দাবি জানাই।
আদালত চালু না থাকার সুযোগ নিয়ে অনেকের জায়গা ও জমি দখল করা হচ্ছে। সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এনামুল হক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ এড. সম্পাদক আইয়ূব খানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।