চট্টগ্রামে মার্কেট খোলা রাখতে প্রধানমন্ত্রীর নিকট আকুতি জানিয়ে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
কে এম রাজীবঃ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট-শপিংমল স্বাভাবিক নিয়মে খোলা রেখে ব্যবসা করার লক্ষ্য প্রধানমন্ত্রীর নিকট আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সম্মিলিতি ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম।
সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে চট্টগ্রাম দোকান মালিক সমিতি ও চট্টগ্রামের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহম্মদ সোলেমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সালেহ আহম্মদ জানান, চট্টগ্রামে ৩ লাখ ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী ও ২০ লাখ শ্রমিক কর্মচারী রয়েছে। লকডাউনে দোকান বন্ধ থাকায় দোকান ভাড়া, দোকানের কর্মচারীদের মাসিক বেতন ভাতা, ঈদ বোনাস, ব্যাংক লোন, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খরচের কারণে ব্যবসায়ীরা দিশাহারা। এ অবস্থায় চলতে থাকলে ব্যবসায়ীদের আত্মহুতি দেয়া ছাড়া কোন পথ নেই। ব্যবসায়ীদের দোকান বন্ধ থাকায় ব্যবসায়ী পরিবার ও দোকানের কর্মচারীসহ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। দোকানের কর্মচারীদের লক ডাউনে ছুটি দেয়া হলেও ঈদ রমজানে দোকান ছেড়ে তাদের খালি হাতে বাড়ি পাঠানো অমানবিক। ২০ লাখ শ্রমিকের খরচ বহন করতে হবে ব্যবসায়ীদের।
২২ তারিখে যদি সরকার আবার লক ডাউন ঘোষণা করে তখন আপনাদের (ব্যবসায়ীদের) করণীয় কি, এমন এক প্রশ্নের জবাবে ব্যবসায়ীরা বলেন, ২২ এপ্রিল থেকে যদি আমাদের মার্কেট খোলা রাখার অনুমতি না দেই, তাহলে আমরা মার্কেট খোলা রাখার দাবীতে বিভিন্ন কর্মসূচি পালন করবো। আমরা গত বছরও এমন দিনে কোটি কোটি টাকা পুঁজি করে ব্যবসায় লোকসান করেছি। আমরা বিভিন্ন ভানে ঋণগ্রস্থ। সরকার ঘোষিত নিয়ম স্বাস্থ্য বিধি মেনে গার্মেন্টস, মিল কারখানা, দোকান হাট বাজার যদি খোলা রাখতে পারে, তাহলে আমার অপরাধ কোথায়। আমাদের অন্তত সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত সময় নির্ধারন করে দেই তাহলে আমাদের আর কোনো দাবী থাকবে না।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিপনী বিতান মার্চেন এসোসিয়েশর সভাপতি মোঃ ছগির, সাধারণ সম্পাদক সৈয়দ খুরশিদ আলম, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি সাহাব উদ্দীন, তামাকুমন্ডি বণিক সমিতির সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক আহমদ কবির দুলুাল, যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াস চৌধুরী, আলহাজ্ব বেলায়েত হোসেন, সওয়ার কামাল, চট্টগ্রাম মেট্রোপলিটন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনসুর আলম সহ নগরীর বিভিন্ন মার্কেট ও শপিং মল ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রতিনিধিরা।