নগরীর পাহাড়তলী এলাকায় স্থাপন করা হলো সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল
কে এম রাজীবঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডশনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ মোকাবেলায় স্থাপন করা হলো সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা বিটাক মোড়ে এ হাসপাতাল স্থাপন করা হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, প্রিমিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সিএমপি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সমন্বয়ে কোভিড ১৯ এর সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষায় দ্বিতীয় বারের মত এই উদ্যোগ গ্রহণ করা হল।জনগণের অর্থায়নে নির্মিত এই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে করোনা পজেটিভ রোগীদের পাশাপাশি অন্যান্য উপসর্গের রোগীদেরও চিকিৎসা দেওয়া হবে। সম্পূর্ণ বিনামূল্যে করা হবে করোনা টেস্ট। ১ জন অভিজ্ঞ কনসালট্যান্টের অধীনে ৮ জন দক্ষ চিকিৎসক, ১২ জন নার্স ও ৫০ জনের অধিক স্বেচ্ছাসেবকের সমন্বয়ে গঠিত টিম থাকবে রোগীদের সার্বক্ষনিক চিকিৎসার দায়িত্বে। এছাড়াও টেলিমেডিসিন সেবার মাধ্যমে যুক্ত হবেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের দক্ষ চিকিৎসকগণ।
বিশিষ্ট ৭০ শয্যার এই হাসপাতালের প্রতিটি বেডে রয়েছে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। এর মধ্যে ২৪ টি বেডে রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম। ০৩ টি বেডে সংযুক্ত রয়েছে হাই ফ্লো নাজাল ক্যানুলা। আক্রান্ত রোগীদের চিকিৎসায় সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ধরনের ওষুধ ও টেস্টের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও হাসপাতালের পক্ষ থেকে আক্রান্ত রোগীদের দৈনিক ০৪ বেলা খাবারের ব্যবস্থা থাকবে। রোগীদের যাতায়াতের জন্য সার্বক্ষনিক ভাবে প্রস্তুত থাকবে এ্যাম্বুলেন্স ব্যবস্থা। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশাপাশি নগরীর সকল জনসাধারণ এই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে পারবেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিপ্রা দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ, হাসপাতালের ডাক্তার, নার্স ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।