চসিক মেয়রের সাথে ঢাকার মেয়র আতিকুল’র সাক্ষাত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
আজ ২৮ মার্চ, রোববার সকালে টাইগারপাস চসিক দপ্তরে মেয়র রেজাউলের সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে ঢাকার মেয়র বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী কিভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে নিজস্ব আয় বৃদ্ধি করেছিলেন সে-সম্পর্কে জানার জন্য মূলত আমার চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আসা।
ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম চসিকের বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য, সিএনজি স্টেশন ও বিদ্যুৎ প্লান্ট সম্পর্কে জানতে চাইলে চসিক মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, সাবেক মেয়র আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী যে পথ দেখিয়ে গেছেন বাস্তব পরিপ্রেক্ষিত বিবেচনায় আমিও সেই পথে অগ্রসর হচ্ছি।
চসিকের নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত ওয়ার্ড কার্যালয় ও পতিত খালি জায়গাগুলোতে আয়বর্দ্ধক প্রকল্প গড়ার পরিকল্পনা গ্রহণ করেছি এবং শিক্ষা, স্বাস্থ্য ও ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রমকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে চসিক বছরে প্রায় ৫০ কোটি টাকা ভর্তুকি দেয়। বিদ্যুৎ প্লান্টটি গড়ার পরিকল্পনার কথাও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকে জানান।
এসময় সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহিদা বেগম পপি, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, বিজিএমইএ প্যানেল লিডার ফারুক হাসান, বিজিএমইএ এর সহ-সভাপতি শামীম এহসান, এস এম তৈয়ব, নাসিরউদ্দীন চৌধুরী, হেলাল উদ্দীন চৌধুরী তুফান ও বিজিএমইএ এর সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।