ইসকন সনাতন ধর্মকে কলঙ্কিত করেছে: অভিযোগ প্রবর্তক সংঘের
ইসকন সনাতন ধর্মকে কলঙ্কিত করেছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম প্রবর্তক সংঘের নেতারা। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী ইসকনকে উগ্রবাদী সংগঠন উল্লেখ করে বলেন, ১৪ মার্চ ইসকান মন্দির থেকে দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রবর্তক সংঘের কর্মচারীদের উপর হামলা চালায়। এতে আহত হয় অন্তত ১২ জন।
সাধুর ছদ্মবেশে একদল সন্ত্রাসী প্রবর্তক শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরে অবস্থান করছে জানিয়ে তিনি আরো বলেন, ইসকনের পুরহিতদের কাজ পূজা, আর্চনা করা। কিন্তু ইসকনের সদস্যরা সংঘের ভূমি দখলসহ নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় চট্টগ্রাম প্রবর্তক সংঘ।
প্রবর্তক কর্তৃপক্ষ মনে করেছিল ইসকন যথার্থ সততার সঙ্গে তাদের চুক্তির শর্তাদি পালন করবে। দীর্ঘসময় অতিবাহিত হওয়ার পর তাদের ভিন্নরূপ পরিলক্ষিত হয়। যা প্রবর্তক স্বার্থবিরোধী, সামাজিক ন্যায়নীতি বিরোধী এবং পেশিশক্তি প্রদর্শনের আধারস্বরূপ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র লালা, সহ-সভাপতি প্রফেসর রনজিৎ কুমার দে, ট্রেজারার ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, সদস্য অ্যাডভোকেট স্বভূ প্রসাদ দত্ত, ইন্দু নন্দন দত্ত, চন্দন ধর, প্রফেসর রনজিত ধর, ডা. বাবুল কান্তি সেন, রূপক ভট্টাচার্য্য, সুবোধ কুমার দত্ত, ইঞ্জিনিয়ার ঝুলন কান্তি দাশ, অ্যাডভোকেট অমর প্রসাদ ধর প্রমুখ।