পদ্মা সেতুতে যান চলবে আগামী বছরের জুনে: ওবায়দুল কাদের
আগামী বছরের জুনের মধ্যেই পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন।
সেতুমন্ত্রী বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বাড়ানোর বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছে, যা সত্য নয়। ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানোর যে কথা বলা হয়েছে তা নির্মাণ প্রতিষ্ঠানসমূহের জন্য। যদি কোনো মেরামতের প্রয়োজন হয় সেজন্য তাদের ২০২৩ সালের জুন পর্যন্ত সময় দেওয়া হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘সেতুর সব অবকাঠামোগত কাজ শেষ করার লক্ষ্য আগামী বছর ২০২২ সালের জুন পর্যন্ত। এর আগেই সব অবকাঠামোগত কাজ শেষ করা হবে।’
২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রস্তাব মেরামতের দায়বদ্ধতার সময়সীমার অংশ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মেয়াদ বাড়ানোর সঙ্গে মূল সেতুর কাজ সম্পর্কিত নয়। বড় ধরনের কোনো প্রকল্পের ঠিকাদারদের দায়বদ্ধ রাখতে সাধারণত ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড ধরা হয়, যা পরে প্রয়োজনীয় মেরামত কাজ সম্পাদনের জন্য।’
সেতুমন্ত্রী জনগণকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
ওবায়দুল কাদের বিআরটিসির লোকসান কমানোর যে চলমান ধারা, তা বজায় রাখার নির্দেশ দেন। বিআরটিসিকে লাভবান করতে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘এই প্রতিষ্ঠানকে অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে।’
করোনাভাইরাসের টিকা দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনায় রেজিস্ট্রেশন করে টিকা নিচ্ছে। যারা সংশয় সৃষ্টি করার জন্য অপপ্রচার ও গুজব রটনা করছে তাদের সব অপচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে।’