আশ্বস্ত করার মতো নির্বাচনী পরিবেশ বিরাজ করছেঃ সিইসি


কে এম রাজীবঃ আগামী ২৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করা হবে। নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় সকল প্রস্তুুতি নির্বাচন কমিশন সম্পন্ন করেছেন এবং এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা(সিইসি)।

রোববার ( ২৪ জানুয়ারী) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আশ্বস্ত করার মতো নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। বিপুল পরিমাণ মানুষ প্রচারণায় অংশগ্রহণ করছে। পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নির্বাচন কর্মকর্তাদের। আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোট সংশ্লিষ্ট কাজে যারা নিয়োজিত থাকবেন তাদের সকল প্রার্থীর প্রতি সমান নজর রাখতে হবে যাতে এটি নিয়ে কোনো প্রশ্ন না উঠে। ইভিএম ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। নির্বাচনের বর্তমান পরিবেশ ধরে রাখতে হবে। সকল প্রার্থী যেন সমান অধিকার পায় এবং নির্বাচনী আচরণ বিধি মেনে চলে সেটি সবাইকে লক্ষ্য রাখতে হবে।
গণমাধ্যমের প্রতিবেদনের কথা উল্লেখ করে সিইসি বলেন, চট্টগ্রামে নির্বাচনের যে পরিবেশ বিরাজ করছে তা আমেরিকার নির্বাচনের চেয়েও ভালো। এখানে দুইজন জেন্টেলম্যান মেয়র পদে নির্বাচন করছেন।

আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে নূরুল হুদা বলেন, আপনাদের কাছে একজন প্রার্থীর পরিচয় সে প্রার্থী। সে কোন দলের, মতের, গোত্রের সেটা পরিচয় নয়। প্রত্যেককে তাদের নির্বাচনী প্রচারণায় আইনি সহায়তা দেওয়ার দায়িত্ব আপনাদের।
নির্বাচনের চেয়ে জীবন অনেক মূল্যবান বলে মন্তব্য করে সিইসি বলেন, প্রতিযোগিতায় নির্বাচন শুরু হবে কিন্তু সহিংসতায় শেষ হবে না। সংঘাত সংঘর্ষে জীবন চলে যাবে, এটা হতে পারে না। নির্বাচনে প্রতিযোগিতা করবেন কিন্তু সেটা সহনশীল পর্যায়ে। এই নির্বাচন উপলক্ষে কয়েকজন নিরীহ ব্যক্তির জীবন চলে গেছে। এভাবে সংঘাত সংঘর্ষে জীবন চলে যাবে এটা হতে পারে না। নির্বাচনের পরিবেশ উৎসবমুখর হওয়ায় মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীদের ধন্যবাদ জানান সিইসি।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোঃ আলমগীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা পুলিশ সুপার এস.এম রশিদুল হক।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.