চট্টগ্রামে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো মহান বিজয় দিবস
কে এম রাজীবঃ মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২০ উপলক্ষে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেছে চট্টগ্রামের সর্বস্তরের জনতা।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় শহীদদের স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ।
বিজয় দিবসের অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে নগরীর কোর্ট হিলে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সকল সরকারি বেসরকারি ও আধাসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ । এসময় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ও জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক উপস্থিত ছিলেন।
মহান বিজয়ের ৪৯তম বার্ষিকীতে বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানী বাহিনীর ৯১ হাজার ৬৩৪ জন সেনাসদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।
এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের একটি স্বাধীন ও সার্বভৌম দেশের অভ্যুদয় ঘটে। এ মহতী অর্জনে রয়েছে ৩০ লাখ শহীদের আত্মদান আর ২ লাখ মা-বোনের সম্ভ্রম।
মহান বিজয় দিবসের কর্মসূচীর অংশ হিসেবে আরও রয়েছে, চট্টগ্রাম জেলা শিল্পকলা ও শিশু একাডেমিতে অনলাইনে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বিজয় দিবসে আগ্রবাদ সিজিএস কলোনি উচ্চ বিদ্যালয় চত্বরে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন কলোনি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আহসানুল কবির। পুস্পার্ঘ অর্পণকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এসময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
নগরীর জিইসি মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে ইউনিভার্সিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার পর প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারিরা পুষ্পমাল্য অর্পণ করেন।