ধ্বংসাত্মক রাজনীতি কখনো জনকল্যাণমুখী হতে পারে না: আ.জ.ম নাছির উদ্দীন
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের গণ মানুষের আস্থা ও বিশ্বাসের উপর ভর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
এ দলের অগ্রযাত্রা প্রতিহত করতে দেশী বিদেশী অনেক চক্রান্ত হয়েছে এবং এখনো চলছে। তবে আওয়ামী লীগ এতই ঠুঙ্কু নয় যে, তাকে ধাক্কা দিয়ে চুর্ণ করা যাবে। যখনই আঘাত এসেছে প্রতিঘাত দিয়ে আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়েছে।
তাই আমাদেরকে মানুষের মাঝে বিলীন হয়ে শক্তি অর্জনের প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেন, ধ্বংসাত্মক রাজনীতি কখনো জনকল্যাণমুখী হতে পারে না। বিএনপি নামক দলটির উৎপত্তি ক্যান্টনমেন্টে। বন্দুকের নলই তাদের ক্ষমতার উৎস। এই দুর্ভিত্তসূলভ রাজনীতি দেশকে পেছনের দিকে ঠেলে দেয়।
বিএনপি হত্যার রাজনীতিসহ জঙ্গীবাদের উত্থান এবং জ্বালাও-পোড়াও প্রকৃতি নিধন করে মানব সভ্যতাকে কলঙ্কিত করেছে। এমন একটা অপশক্তি জাতির সর্বনাশের বার্তা দিয়ে যাচ্ছে। তাদের বিষাক্ত নিঃশ্বাসে মানবজীবন ও প্রকৃতি ক্ষত-বিক্ষত হচ্ছে। এ অশুভ শক্তিকে কিছুতেই মাথা তুলতে দেয়া যায় না।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী মহানগর আওয়ামী লীগ ইউনিট স্তর থেকে দলের ফাউন্ডেশন প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রত্যয়ী। তাই প্রতিটি ইউনিটে মাসে একবার করে রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে এবং সেই কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তিনি আবারো পুনঃ উল্লেখ করেন যে, মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও অভিন্ন। তাই কোন বিভ্রান্তি ছড়ানোর অবকাশ নেই।
আমাদের মধ্যে যদি কোন মত ভিন্নতা থাকে তাহলে কারো চরিত্র হনন নয়, আসুন একসাথে বসে আমরা সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করি। তিনি সর্তক করে দেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের বিরুদ্ধে কুৎসা রটানার বিদ্যমান সংস্কৃতি চলছে। তা বন্ধ না করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় স্বনির্ভর ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমে বিভিন্ন স্থানে সভাপতিত্ব করেন ২৩নং উত্তর পাঠানঠুলী ওয়ার্ডের সভাপতি আবদুল হান্নান, ২৯নং মাদারবাড়ী ওয়ার্ডের সভাপতি হাজী আলী বক্স, ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের সভাপতি জহির আহমদ চৌধুরী।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আলহাজ্ব শফর আলী, শেখ মোহাম্মদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো: হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, শ্রম সম্পাদক আবদুল আহাদ, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, হাজী বেলাল আহমদ, ২৩নং পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের আসিফ খান, ২৯নং পশ্চিম মাদারবাড়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মো: জোবায়ের, ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহমেদ প্রমুখ।