হাইব্রীড অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দাতাদের ক্ষমা নেই: নাছির
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহানগরীতে বৃক্ষরোপণ ও বৃক্ষচারা বিতরণের চলমান কার্যক্রমের অংশ হিসেবে ২০নং দেওয়ানবাজার ওয়ার্ড, ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড, ৩১নং আলকরণ ওয়ার্ডে আজ বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে তৃণমূল স্তরকে গুরুত্ব দিয়ে আসছে।
আমরা নিজের সক্ষমতাকে নিজ থেকে উপরে টেনে তুলতে চাই। তাই যে কোন শূন্যতা, বিভ্রমতা এবং নিষ্ক্রীয়তা আছে সেখানে সজীবতা ও প্রাণ সঞ্চারে দলীয় ভিত্তিকে সুদৃঢ় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই।
আমরা জানি দলীয় অবস্থানগতভাবে অনুকূল নিরাপদ বলেও অদৃশ্য অপশক্তি ফনা তুলছে। এদেরই কেউ কেউ হাইব্রীড হয়ে দলে ঢুকে পড়েছেন। এদেরকে যারা দলে ঢুকিয়েছেন তারা বাংলাদেশের চেতনাগত ঐতিহ্যের নেগেঠিব ফোর্স।
এদেরকে তৃণমূল স্তর থেকেই বাধা দিতে হবে। আমি বিশ্বাস করি তৃণমূল স্তরের পরীক্ষিত নেতাকর্মীরা নেতৃত্বের জায়গায় পদায়ন হবেন। স্থানীয় ইউনিট পর্যায়ের প্রতিবেদনকে সামনে রেখে আমরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছি এবং করব।
তার আগে আমাদের ইউনিট, ওয়ার্ড, থানা পর্যায়ের নেতাকর্মীদের মানুষের সাথে আত্মবন্ধন তৈরি করে তাদের সুখে দুঃখে পাশাপাশি হতে হবে।
সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, সময়ের দাবি পরিস্থিতিকে মোকাবেলা করা। এই পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা মাঠে থেকে পরিস্থিতিকে সামাল দিয়ে যাচ্ছেন। পাশাপাশি সংগঠনের তৃণমূল স্তরকেও সুসংগঠিত করছে। এই দায়িত্ব পালনের যারা নিবেদিত তাদের অবশ্যই মূল্যায়িত করতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় স্বনির্ভর ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমে বিভিন্ন স্থানে সভাপতিত্ব করেন ২০নং দেওয়ানবাজার ওয়ার্ডে আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডে আলহাজ্ব সলিমউল্লাহ বাচ্চু, ৩১নং আলকরণ ওয়ার্ডে হাজী আবদুর রহমান। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, উপদেষ্টামন্ডলীর সদস্য আলহাজ্ব শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো: হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের হাজী ছিদ্দিক আলম, মহানগর যুবলীগের যুগ্ম আ্হ্বায়ক মাহবুবুল হক সুমন, ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ্ব গিয়াস উদ্দিন, আবু তৈয়ব ছিদ্দিকী, সাইদুল আরেফিন প্রমুখ।