দেওয়ানহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে ২ একর জমি দখলমুক্ত করেছেন ভ্রাম্যমান আদালত
নগরীর ডবলমুরিং থানাধিন দেওয়ানহাট এলাকায় রেলওয়ের জায়গা উপর গড়ে ওঠা ৪৮২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় দুই একর জায়গা দখলমুক্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দেওয়ানহাট পোস্তার পাড় থেকে মার্শালিং ইয়ার্ড পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বলে জানা যায়।
এসময় অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এবং রেলওয়ের পক্ষ থেকে অভিযানে অংশ নেন রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম। এ বিষয়ে রেলের ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম জানান, টিনশেড ও ঝুপড়ি ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলো কিছু অসাধু চক্র। অভিযানে ৯২০ জন দখলদারকে তাড়িয়ে দিয়ে এক দশমিক ৮৩ একর জায়গা উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, সকাল থেকে টানা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৪৮২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের এক দশমিক ৮৩ একর জায়গা দখলমুক্ত করে রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৬০ জন, রেলওয়ে পুলিশের ১৫ জন, নিরাপত্তা বাহিনীর ২০ জন ও থানা-ফাঁড়ির ২০ জন সদস্য উচ্ছেদ অভিযানে সহায়তা করেন।