শাহ আমানত বিমানবন্দরে সোনার বার ও পাতসহ আটক ১


শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার দুইটি বার ও একটি পাত জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এসময় এক যাত্রীকে আটক করা হয়। 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে চট্টগ্রামে আসা আবদুল কাদের রেজওয়ান নামের এক যাত্রী থেকে এসব স্বর্ণের বার উদ্ধার হয় বলে জানানো হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, দুবাইফেরত ওই যাত্রী বিমানবন্দরে পৌঁছে ২৪ ক্যারেটের দুটি স্বর্ণের বার সঙ্গে আনার কথা জানান। এজন্য প্রয়োজনীয় ফরম পূরণ, ট্যাক্স জমাসহ আনুষঙ্গিক কাজ করার ফাঁকে সুকৌশলে মুঠোফোনে কথা বলার অভিনয় করে বিমানবন্দর ছাড়ছিলেন তিনি।

এ সময় বিমানবন্দর টার্মিনালের ৩ নম্বর গেটে তাকে আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

পরে ওই যাত্রীর মুঠোফোনটি হাতে নিয়ে দেখা যায়, ফোনটি নিষ্ক্রিয়। ফোনের কাভারের ভেতর পাওয়া যায় পাতলা একটি সোনার পাত। বিমানবন্দরে কর্তব্যরত এক কাস্টমস কর্মকর্তা জানান- আবদুল কাদের রেজওয়ানকে সোনার দুইটি বার ও একটি পাত সহ আটক করে নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, আবদুল কাদের রেজওয়ান নগরীর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.