মাদক কারবারিদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
নগরীর আগ্রাবাদে মাদক কারবারিদের ছুরিকাঘাতে মীর সাদেক অভি ওরফে অভি মীর (২৪) নামের এক যুবক খুন হয়েছেন। সে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ হাজিপাড়ার বাসিন্দা বলে জানা যায়।
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তার মৃত্যু ঘটে। অভি মীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা তৌহিদুস সালাম নিশাদ। এবং অভি মীর ছাত্রদলের কর্মী বলে জানান তিনি।
জানা যায়, গত ১৮ জুন সন্ধ্যায় অভি মীরসহ যুবকরা এলাকায় কয়েকজন যুবকরা মাদক কারবারিকে ধরতে যায়। এ সময় মাদক কারবারিরা অভির বুকে পিঠে এবং তলপেটে ছুরিকাঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে সোমবার তাকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার গভীর রাতে মারা যান অভি। মৃত্যুর আগে আহত অবস্থায় অভি নিজে বাদী হয়ে তার উপর হামলাকারীদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেছিলেন বলে জানা যায়।