সিএমপি ট্রাফিক বিভাগের বিশেষ চেকপোস্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত
সাধারণ ছুটি শেষে করোনা প্রতিরোধ কল্পে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গণপরিবহন চলাচলে সরকারী সিদ্ধান্তের প্রেক্ষিতে সিএমপি ট্রাফিক বিভাগের বিশেষ চেকপোস্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সোমবার (১ জুন) থেকে চট্টগ্রাম মহানগরী এলাকায় গণপরিবহন চলাচল শুরু হলে সচেতনতামূলক এ কার্যক্রম শুরু করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক বিভাগ।
এ উপলক্ষে গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সচেতনতা মূলক ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন, চালক শ্রমিক ও যাত্রী সাধারণের মাঝে লিফলেট বিতরণ, গণ পরিবহনে স্বাস্থ্য বিধি সংক্রান্তে স্টিকার লাগানো সহ মাইকিং কার্যক্রম পরিচালনা করেন সিএমপি। নগরীর টাইগারপাস মোড়ে সকাল ১০ টায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ নিজে উপস্থিত থেকে এ কার্যক্রমের সূচনা করেন। এ সময় উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃশহীদুল্লাহ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) নাজমুল হাসান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মিজানুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) সুলতান মাহমুদ খান, টিআই (খুলশী) জসীম উদ্দিন, টিআই প্রশাসন (ট্রাফিক উত্তর) মহিউদ্দিন খান সহ সিএমপি ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে সারাদিন নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে গণপরিবহন সমূহ স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণকালে যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি না মানায় ট্রাফিক বিভাগ ১১৯ টি মামলা, ৩৬ টি যানবাহন আটক, ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আরোপ করে।এছাড়া যে সমস্ত স্ট্যান্ড ও স্থান হতে দূর পাল্লার ও আন্তঃজেলার যানবাহন সমূহ চলাচল করে সে সমস্ত এলাকায় কঠোর নজরদারি করা হয়। এবিষয়ে চট্টগ্রাম মহানগরী এলাকায় যাত্রী ও গণপরিবহন সমূহ যেন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি সমূহ অনুসরণ করে চলাচল করে তা নিশ্চিত কল্পে ট্রাফিক বিভাগ সচেষ্ট রয়েছে। যানবাহন চলাচলে স্বাস্থ্যবিধি সমূহ নিশ্চিত করার জন্য চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক বিশেষ চেকপোস্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।