করোনার বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক ভূমিকা রাখতে পারে নিকোটিন
করোনা ভাইরাস রোগের (কোভিড-১৯) বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক নিকোটিন ভূমিকা রাখতে পারে বলে ধারণা করছেন ফরাসি বিশেষজ্ঞরা। এ বিষয় নিয়ে বিশেষজ্ঞরা মানুষের শরীরে এটি পরীক্ষা করে দেখার প্রস্তুতি নিচ্ছেন বলে এক সংবাদমাধ্যমে জানা যায়। বিশেষজ্ঞদের মতে এ পরীক্ষায় একদল স্বাস্থ্যকর্মী এবং রোগীর শরীরে নিকোটিন প্যাচ পরানো হবে এবং আরেকদলের শরীরে প্লাসেবো (নিকোটিনবিহীন) প্যাচ পরানো হবে। তারপর ভাইরাসের বিরুদ্ধে তাদের শারীরিক প্রতিক্রিয়ায় কোনো পার্থক্য হয় কিনা, তা পর্যবেক্ষণ করা হবে।
এর আগে ফরাসি এক গবেষণায় বলা হয়, ধূমপায়ীদের কোভিড-১৯ এ সংক্রমিত হওয়ার সম্ভাবনা একই বয়সের এবং সমলিঙ্গের অধূমপায়ীদের চেয়ে ৮০ শতাংশ কম। গবেষণায় অনুমান করা হয়, শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হবে কিনা, তা নির্ধারণে সিগারেটের নিকোটিনের প্রভাব থাকতে পারে। ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের নিউরোসায়েন্সের প্রফেসর জ্যঁ পিয়েরে শঁজু বলেন, ভাইরাস শরীরে সংক্রমণ ঘটানোর চেষ্টা করলে, নিকোটিন তাতে বাধা দেয়, এমনটাই আমাদের হাইপোথিসিস। এটি ১৫শ’ স্বাস্থ্যকর্মীর ওপর এটি পরীক্ষা করা হবে। তাদের মধ্যে ভাইরাস সংক্রমিত হলে, তাদের যেসব সহকর্মী নিকোটিন প্যাচ পরেননি, সেসব সহকর্মীর চেয়ে ভাইরাস প্রতিরোধে তারা বেশি সক্রিয় কিনা, তা পর্যবেক্ষণ করা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি চারশ’ মানুষের ওপরই একই পরীক্ষা করা হবে।
আগামী তিন সপ্তাহের মধ্যে পরীক্ষা কার্যক্রম শুরু হবে। তবে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায়, মানুষ যেন ধূমপানে উৎসাহী না হয়, এ ব্যাপারে সতর্ক থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।