হাসপাতালে রোগীর মৃত্যু দেখে ভয়ে সড়কে প্রাণ গেলো নারী পোশাক শ্রমিকের
হাসপাতালে এক রোগীর মৃত্যুতে ভয়ে পালিয়ে যাওয়ার সময় ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় সড়কে প্রাণ গেলো এক নারী পোশাক শ্রমিকের। ওই পোশাক শ্রমিক ডবলমুরিং থানাধীন পান্নাপাড়া ছোট মসজিদ এলাকায় থাকতেন বলে জানা যায়। শনিবার (১৬ মে) চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার পর ওই নারী পোশাক শ্রমিককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, শনিবার (১৬ মে) করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ওই নারী পোশাক শ্রমিক সকালে চমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি করানোর পর যে ওয়ার্ডে ছিলেন, সে ওয়ার্ডে থাকা অবস্থায় সেখানে একজন রোগীর মৃত্যু হলে এতে ভয় পেয়ে যায় ওই নারী পোশাক শ্রমিক। পরে সে হাসপাতালে থাকতে রাজি না হলে, মাগরিবের পর তাকে রিকশায় করে বাসায় নেওয়ার পথে দেওয়ান হাট এলাকায় মাথা ঘুরে রিকশা থেকে পড়ে যায়। এরপর তাকে পিকআপে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওই নারী পোশাক শ্রমিকের মা।
এ বিষয়ে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বলেন, দেওয়ানহাট মোড়ে একজন নারী পড়ে থাকার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেথান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। পরিবারের লোকজন জানিয়েছে ওই নারী তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই পোশাক শ্রমিক নারীর স্বামী জানান, তাদের বাড়ি ময়মনসিংহে। ডবলমুরিং থানার পান্নাপাড়া ছোট মসজিদ এলাকায় তারা থাকতেন। কিছু সমস্যা ও ঝগড়ার কারণে সম্প্রতি তার স্ত্রী মা ও আড়াই বছর বয়সী ছেলেকে নিয়ে ফ্রিপোর্ট এলাকায় বসবাস শুরু করেন। তিন দিন আগে গার্মেন্টস থেকে ফিরে তার স্ত্রী জ্বরে পড়ে। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে শনিবার (১৬ মে) সকালে চমেক হাসপাতালে ভর্তি হয়।