পুলিশের সঙ্গে গোলাগুলিতে ৬ মামলার আসামি নিহত
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত গোলাগুলিতে মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকায় আরিফুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মহেষখালীয়াপাড়ার মৎস্যঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে বলে জানা যায়।
পুলিশের দাবি, নিহত আরিফুল এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তিনি হত্যাসহ অন্তত ছয়টি মামলার আসামি। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, রাত ৩টার দিকে সন্ত্রাসী আরিফুল টেকনাফে পুলিশের সঙ্গে দলবল নিয়ে মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকায় অবস্থান করছে। এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে আরিফুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।
ওসি প্রদীপ কুমার দাশ আরও জানান, নিহত আরিফুল হত্যাসহ ছয়টিরও অধিক মামলার পলাতক আসামি ছিলেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও তিনি জানান।