অভিনেতা ও পরিচালক রানা হামিদ আর নেই


বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেতা, প্রযোজক, পরিচালক ও পরিবেশক রানা হামিদ চলে গেলেন না ফেরার দেশে।

শনিবার(৯ মে) রাত ১১টায় রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। রানা হামিদের এক মেয়ে আদিজা হামিদ ও স্ত্রীসহ বহু আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

জায়েদ খান বলেন, কিছুদিন আগে তার স্বাস্থ্যের অবনতি ঘটেছিল। শনিবার তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মারা যান। নিজ এলাকা নেত্রকোনায় তাকে সমাহিত করা হয়। বার্ধক্যজনিত রোগ ছাড়াও কিডনি ও পাকস্থলির সমস্যায় ভুগছিলেন বলে জানান পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কবিরুল রানা।

রানা হামিদের নাতি বাঁধন বলেন, গত রাতে নানা ভাই স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন নানা ভাইয়ের পাশে ছিলেন চিত্রনায়ক জায়েদ খান। রাত ১১টায় নানা ভাই মৃত্যুবরণ করেন।

রানা হামিদ ছিলেন একাধারে প্রযোজক পরিচালক, অভিনেতা এবং পরিবেশক। তার পরিচালিত, প্রযোজিত ও অভিনীত সিনেমার মধ্যে ‘বিলাত ফেরৎ মেয়ে’ ‘আমার দেশ আমার প্রেম’ এবং ‘সবার উপরে প্রেম’। এছাড়া তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) পরিচালক (কারিগরি ও প্রকৌশলী) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। পাশাপাশি ২০০৯ সালে সেন্সর বোর্ডের সদস্য ছিলেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.