আনোয়ারায় জমি নিয়ে বিরোধ: খুন ১, আহত ৩


আনোয়ারা উপজেলায় জমি বিরোধের জেরে দু’পক্ষের মারামারিতে এক ব্যক্তি খুন হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার বটতলী ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে সোমবার সন্ধ্যায় এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিনজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (বয়স আনুমানিক ৩৬)। স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে রাস্তার ধারে একটা গর্ত কুড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এসময় দু’পক্ষের মধ্যে পাথর ছুঁড়াছুঁড়ি হয়েছিলো।

বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, ‘শুনেছি জমি নিয়ে বিরোধ চলছিল মরিয়ম বেগম গং ও আব্দুর রাজ্জাকদের মধ্যে। সন্ধ্যায় সীমানায় কাজ করতে গেলে একে অপরকে বাধা দেয়। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মারধর হয়। কেউ মারা গেছে কিনা এখনো খবর পাইনি। তবে আহতদের মেডিকেলে নিয়ে গেছে শুনেছি।’

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, ‘জমি বিরোধে এলাকায় মারামারি হলে প্রথমে আনোয়ারা উপজেলা মেডিকেল ও পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে একজন মারা গেছে বলে খবর পেয়েছি। ঘটনায় জড়িত মরিয়ম বেগম আহত হয়ে মেডিকেলে চিকিৎসা নিতে গেলে পুলিশের হাতে আটক হন। প্রাথমিক ভাবে মরিয়ম খুনের ঘটনা স্বীকার করেছে।’

নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়েছে। জানা যায়, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.