হাটহাজারীতে করোনা ভাইরাস এর ওষুধ বিক্রেতাকে আটক করলেন ইউএনও!
গত ১৯ মার্চ নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে করোনা ভাইরাস এর ওষুধের বিজ্ঞাপন দেন মনসুর আলী নামের এক প্রতারক। তার স্ট্যাটাসের পরিপেক্ষিতে আজ সোমবার (৩০ মার্চ) হাটহাজারীর চৌধুরীহাটস্থ সদ্দার পাড়া এলাকা থেকে মনসুর আলী নামের ওই প্রতারককে ক্রেতা সেজে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন।
জানা যায়, আটককৃত মনসুর অালী প্রতারণার কথা স্বীকার করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আর কোন সময় প্রতারণা করবেনা শর্তে মুচলেকা নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান জামান বাচ্চুর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
ইউএনও মো. রুহুল আমিন এ প্রতিবেদককে জানান, গত ১৯ মার্চ ফেসবুকে করোনা মুক্তির ভেষজ ওষুধ বিক্রির একটি পোস্ট দেন মনসুর আলী। সেখানে যোগাযোগের নম্বরও দেন তিনি।আমি ক্রেতা সেজে পোস্টদাতা মনসুর আলীকে ফোন করলে তিনি জানান- করোনা থেকে মুক্তি পেতে তার ভেষজ ওষুধ খেতে হবে ১২০ দিন। প্রতি ফাইলের মূল্য ১৫০ টাকা করে।
তিনি আরও জানান,‘করোনা মুক্তির ওষুধ বিক্রির নামে লোকজনের সঙ্গে প্রতারণার প্রমাণ পাওয়ায় তাকে চৌধুরী হাট এলাকা থেকে ক্রেতা সেজে ধরি। প্রতারণার কথা স্বীকার করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’