ভিজিএফের চাল-বিতরণে মানুষের মুখে হাসি
সরকারি ছুটির (অঘোষিত লকডাউন) আজ মোটে তৃতীয় দিন। এরই মধ্যে হাসি মুছে গেছে খেটে খাওয়া পরিবারগুলোর মানুষের চেহারা থেকে। যারা দিনে এনে দিনে খান, কেমন যাবে তাদের আগামীর দিনগুলো? পরিবারের বাকি সদস্যদের মুখের দিকে তাকিয়ে সেই কথাই ভাবছেন দিনমজুর-খেটে খাওয়ারা। আপাতত সেই চিন্তা দূর হলো দুর্যোগে সরকারের মানবিক সহায়তা কর্মসূচি ভিজিএফ কার্যক্রমের চাল-ডাল পেয়ে।
চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বলেন, ‘চলমান পরিস্থিতির কারণে জেলার খেটে খাওয়া মানুষের একটি বড় অংশ কর্মহীন অবস্থায় আছেন। তাদের কথা চিন্তা করে দিনমজুরদের বাড়ি বাড়ি চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে চট্টগ্রাম নগর ও জেলার ১৭ হাজার পরিবারকে শুকনো খাবার পৌঁছে দেয়ার কাজ শনিবার থেকে শুরু হয়েছে।’
তিনি জানান, চট্টগ্রাম নগরে সিটি করপোরেশনের সহায়তায় এই সহায়তা মানুষের কাছে পৌঁছানো হচ্ছে। উপজেলাগুলোতে বিষয়টি তদারকি করবে উপজেলা প্রশাসন।
নগরের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাস সুমন বলেন,‘জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরের প্রতিটি ওয়ার্ডে ৪৯৮ কেজি চাল ও ১০০ কেজি ডাল বরাদ্দ দেয়া হয়েছে। এসব খাদ্যশস্য ১০০ জনে দিনমজুরকে বণ্টন করতে বলা হয়েছে। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। যারা দিনে এনে দিনে খায়, কিন্তু লকডাউনের কারণে কাজে যেতে পারছেন না, শুধু তাদেরই এই বরাদ্দ দেয়া হচ্ছে। আমরা যখন এসব খাদ্যশস্য নিয়ে তাদের বাড়িতে যাচ্ছি, তখন তাদের মুখ দেখেই বুঝতে পাচ্ছি কতটা কষ্টে আছেন তারা।’
চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ নগরের বিভন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে চাল, ডাল, চিনি, লবণ, তেলসহ প্রয়োজনীয় শুকনো খাবার বিতরণ করা হয়।