নগরীর জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে চলাচলে নিষেধাজ্ঞা


নগরের আন্দরকিল্লায় জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (২৩ মার্চ) নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছেন হাসপাতালের চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম।

তিনি বলেন, রোগীদের সুরক্ষায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে জনসমাগম বেশি হলে ডাক্তার ও নার্সরা সেবা প্রদান করতে পারবে না। তাই রোগীর সঙ্গে শুধুমাত্র একজন রাখার নিয়ম চালু করেছি।

সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। অহেতুক জনসমাগম না করতেও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এদিকে ঋতু পরিবর্তনের কারণে সাধারণ জ্বর, সর্দি-কাশির প্রকোপ বেড়ে যাওয়ায় অনেক রোগী পড়েছেন বেকায়দায়। চিকিৎসকরা অজানা আতঙ্কে এ ধরনের রোগী দেখতে অনীহা প্রকাশ করছেন। অনেকে ব্যক্তিগত চেম্বার বন্ধের নোটিশও দিয়েছেন।

চিকিৎসকদের দাবি, তারা নিজেরাই স্বাস্থ্যঝুঁকিতে আছেন। চট্টগ্রামে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পার্সোনাল প্রোটেকশন ইক্যুইপমেন্ট-পিপিই) পর্যাপ্ত নেই। তবে জ্বর বা সর্দি হলেই চিকিৎসকের কাছে না গিয়ে প্রয়োজনে স্বাস্থ্য বাতায়ন বা ফোনে পরামর্শ নেওয়ার কথা বলছেন তারা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.