সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন বিধিমালা মেনে চলা উচিত: মেয়র নাছির
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক) নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের শতভাগ নির্বাচন আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বুধবার (১১ মার্চ) দুপুরে চসিকের ৫৬তম সাধারণ সভায় তিনি এ আহ্বান জানান।
মেয়র বলেন, আচরণ বিধি মেনে চললে শুধু নির্বাচনী পরিবেশের জন্য নয়, প্রার্থীদের জন্যও হবে ভালো। আচরণ বিধির সুষ্ঠু প্রতিপালন নির্বাচন পরিবেশের গুরুত্বপূর্ণ, অত্যবশ্যকীয় শর্ত। নির্বাচন যাতে সুষ্ঠু হয়, তার জন্য প্রার্থী ও সমর্থকদের কিছু নিয়মকানুন মেনে চলা বাঞ্ছনীয়। এমনকি তাদের প্রচার প্রচারণায় এবং বিভিন্ন কার্যক্রমে বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এগুলো যথাযথভাবে অনুশীলন করা না হলে নির্বাচনের ফলাফলে অনভিপ্রেত প্রভাব পড়ে। নির্বাচনী আইন ও বিধিমালা শুধু ভোট গ্রহণ বা ভোটকেন্দ্র নিয়েই নয়, ভোটের আগে থেকে পরে সব ক্ষেত্রই এর আওতাভুক্ত। তাই সুষ্ঠু ভোটের জন্য আবশ্যিক নির্বাচন বিধিমালা সবাইকে মেনে চলা উচিত।
তিনি বলেন, দেশব্যাপী শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ অর্থাৎ মুজিববর্ষ। এ মুজিব বর্ষ ১৭ মার্চ থেকে শুরু হবে। বছরব্যাপী এ মুজিব বর্ষ চলবে। ২০২১ সালের ১৭ মার্চ মুজিব বর্ষ শেষ হবে। এ উপলক্ষে চসিক বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। চসিকের সব স্থাপনাসহ নগরের গুরুত্বপূর্ণ সড়ক, সড়কদ্বীপ, মোড় ও পার্কে আলোকসজ্জা এবং বঙ্গবন্ধুর ছবি সম্বলিত বোর্ড স্থাপন করছে। এছাড়া নগরের প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব ভবনের মালিকদের মুজিববর্ষ উপলক্ষে আলোকসজ্জিত করার অনুরোধ জানান চসিক মেয়র।
১ হাজার ১০ শিশু পরবে মুজিব কোর্ট
তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে গৃহিত কর্মসূচির প্রতিপালনে কার্পণ্য করা যাবে না। তাই পরিচ্ছন্ন গ্রাম,পরিচ্ছন্ন শহর বিনির্মাণে চসিক স্বল্প, মধ্যমেয়াদি কর্মসূচি নিয়েছে।এ কর্মসূচির আওতায় নগরের ৪১ ওয়ার্ডে ১০টি সেলের মাধ্যমে ১৭মার্চ রাত ৮টায় আতশবাজি এবং একই সময়ে ১৫টি স্থান থেকে ফানুস উড়ানো হবে। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপনের নিমিত্তে এমএ আজিজ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ১০ জন মুজিব কোর্ট পরা শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস পালন করা হবে।
মেয়র চলমান প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, গুণগতমান অক্ষুণ্ন রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। চসিকের কারণে মুজিব বর্ষের কর্মসূচি যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় চসিক প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, চসিকের প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন চসিক সচিব আবু শাহেদ চৌধুরী।