সরকারের উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে
চট্টগ্রামে জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে চলেছে। বাংলাদেশের এই অদম্য অগ্রযাত্রা বিশ্বের কাছে বিষ্ময়। সরকারের উন্নয়নের এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
দলীয় নেতা-কর্মীদের আচরণ ও দৃষ্টিভঙ্গি পালটাতে হবে; যাতে করে সরকারের অর্জন তাদের কারণে ম্লান হয়ে না যায়। তিনি গতকাল ৯ মার্চ সোমবার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সংগঠনের মহানগর আহবায়ক এডভোকেট এ.এইচ.এম জিয়াউদ্দিনের সভাপতিত্বে ও উত্তর জেলার সাধারণ সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম.এ সালাম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।
প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।
বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ তানভির শাকিল জয়, আবু তাহের, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শওকত আলম, মহানগর সেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক কে.বি.এম শাহজাহান, সালাউদ্দিন আহমেদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: জোবায়ের ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব।
সভায় মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মীকে নগরীর ঘরে ঘরে গিয়ে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে কাজ করার আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখেছেন তা’ যেকোন মূল্যে রক্ষায় আমি দৃঢ়প্রতিজ্ঞ। মেয়র নির্বাচিত হলে প্রয়াত নেতা সাবেক মেয়র চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী ও বর্তমান মেয়র আজম নাছির উদ্দিনের গৃহীত উন্নয়নের ধারা অব্যাহত রেখে নগরীকে সকলের বাসযোগ্য করে গড়ে তোলা এবং জনগণের সেবক হিসেবে কাজ করতে সকলের সহযোগীতা ও সমর্থন চাই। সভা শেষে কেন্দ্রীয় সহসভাপতি-সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার জন্য সংগঠনের মহানগর আহবায়ক এড. জিয়াউদ্দিনকে আহবায়ক ও চট্টগ্রাম নগর যুগ্ম আহবায়কদ্বয়, উত্তর ও দক্ষিণ জেলা সভাপতি-সাধারণ সম্পাদককে যুগ্ম আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।