মুজিব বর্ষে যুবলীগ নেতা বাবরের নাম ভাঙিয়ে চাঁদাবাজি: গ্রেপ্তার ৩
নগরীর নন্দনকানন ও আগ্রাবাদ এলাকায় মুজিব বর্ষের নামে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শনিবার (৭ মার্চ ) দুপুরে নগরীর কোতোয়ালী থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন ।
ওসি বলেন , গ্রেপ্তারকৃতরা নিজেদের যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী বলে দাবি করেছেন। তবে বাবর দেশে না থাকায় তার নাম ভাঙিয়ে এই ব্যক্তিরা চাঁদাবাজি করছিলেন। মূলত তারা নেশাগ্রস্ত এবং নেশার টাকা যোগাড়ের জন্যই তারা এই চাঁদাবাজি করে।
তিনি আরও জানান , ‘একতা যুব সংঘ’ ও ‘স্বপ্ন চূড়া’ নামের দুটি সংগঠনের নাম দিয়ে গত চার মাস ধরে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে মুজিব বর্ষের কথা বলে তাদের কাছ থেকে চাঁদাবাজির প্রমাণ মিলেছে এবং গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে উদ্ধার করা এই দুই সংগঠনের নামের প্যাডে দেখা গেছে, সর্বনিম্ন পাঁচশ থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা তুলেছে তারা।
গ্রেপ্তার তিনজন হলেন-নন্দনকানন তিন নম্বর গলির বাসিন্দা বাটুল বড়ুয়া ডানো (৩৮), নন্দনকানন দুই নম্বর গলির বাসিন্দা শেখ রিয়াজ আহম্মেদ রাজু (৪০) এবং হেম সেন লেনের বাসিন্দা শাহজাহান (৪৫)। এই চক্রের অন্য দুই সদস্য লিটন এবং চান্দু ওরফে রনিকে খুঁজছে পুলিশ।
শনিবার দুপুরের সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বলেন, “গত কয়েকদিন ধরেই আমাদের কাছে অভিযোগ আসছিল মুজিব বর্ষের নাম দিয়ে একটি অসাধু চক্র ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করছে।