চসিকে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় ‘বিতর্কিতদের’ রাখবে না আ.লীগ
বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বিতর্কিত ও সমালোচিতদের আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় না রাখার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত জিইসিতে হোটেল পেনিনসুলায় আওয়ামী লীগের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটির সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন ও আওয়ামী লীগের সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সূত্র জানায়, সভায় সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে সকলে একযোগে কাজ করবেন। যাদের নেগেটিভ ইমেজ রয়েছে তাদেরকে নির্বাচনী প্রচারণা কার্যক্রম থেকে দূরে রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে।
মতবিনিময় সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।
সভায় চসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ছাড়াও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার নেতারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে সকলে একযোগে কাজ করবেন। কেউ দলীয় প্রার্থীর বিরোধিতা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরো বলেন, যাদের নেগেটিভ ইমেজ রয়েছে তাদেরকে নির্বাচনী প্রচারণা কার্যক্রম থেকে দূরে রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে।