পাহাড়ি সন্ত্রাসীদের আইনের আওতায় আনা প্রয়োজন : মন্ত্রী বীর বাহাদুর
বান্দরবানের জামছড়ি মুখপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মারমা নিহত এবং আরও পাঁচজন আহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
তিনি বলেন, এসব সন্ত্রাসীদের চিহ্নিত ও আইনের আওতায় আনা প্রয়োজন। রোববার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি ও চলমান উন্নয়ন প্রক্রিয়াকে ব্যাহত করতে শান্তি ও উন্নয়ন বিরোধী অপশক্তি এ ঘটনার পেছনে জড়িত থাকতে পারে।
হামলা ও হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তা তদন্ত সাপেক্ষ উল্লেখ করে মন্ত্রী বলেন, পার্বত্য এলাকায় শান্তি-শৃংখলা ও উন্নয়নের ধারা চলমান রাখার স্বার্থে অবিলম্বে এসব সন্ত্রাসীদের চিহ্নিত ও আইনের আওতায় আনা প্রয়োজন।
তিনি আরও বলেন, মুষ্টিমেয় সন্ত্রাসী ছাড়া পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি, বাঙালি তথা আপামর জনগোষ্ঠী শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও অগ্রগতির পক্ষে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর পশ্চাৎপদ এ অঞ্চলে যেভাবে উন্নয়নের ধারা সূচিত হয়েছে তা নস্যাৎ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রকারী চক্র তৎপর।
বীর বাহাদুর আরও বলেন, অস্ত্রবাজির মাধ্যমে শান্তি ও উন্নয়নের স্বপক্ষশক্তি আওয়ামী লীগের নেতাকর্মীদের দমন ও সাধারণ জনগণকে আতঙ্কিত করে উন্নয়নের ধারা ব্যাহত করা তাদের হীন উদ্দেশ্য কোনো দিন সফল হবে না।