দুদকের মামলায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন সরফরাজ কারাগারে


দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করা চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এই আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু জানান, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতি কেনায় এ দুর্নীতি হয়েছিল। ২০১৪ সালের দিকে দুর্নীতির এ ঘটনা ঘটে। ২০১৯ সালের ২৫ নভেম্বর যন্ত্রপাতি কেনার নামে অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলায় ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন আবদুর রব, মঈন উদ্দিন মজুমদার ও বিজন কুমার নাথ এবং জাহেদ উদ্দিন সরকার, মুনশি ফারুক হোসেন ও আফতাব আহমদ। এদের মধ্যে প্রথম তিনজন চিকিৎসক আর অন্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী। মামলার বাদি দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো: সিরাজুল হক।

দুদক আইনজীবী বলেন, ডা: সরফরাজ হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নিয়েছিলেন। এই জামিনের মেয়াদ শেষে তিনি চট্টগ্রাম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। গতকাল বুধবার ছিল জামিন আবেদনের ওপর শুনানি। আদালত দুই পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরণ করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.