আওয়ামীলীগ সরকারের আমলে জনগণের জীবন যাত্রার মান বেড়েছে
রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার -২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র
স্বল্প আয়ের মানুষদের জন্য আবাসনের ব্যবস্থা করতে এবং সমাজের সার্বিক উন্নয়নে রিহ্যাবকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সিটি মেয়র জনাব আ জ ম নাছির উদ্দীন। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে হোটেল রেডিসন ব্লু- তে আয়োজিত চার দিনব্যাপি রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার -২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, বর্তমানে রিহ্যাবের কারণে আবাসন সমস্যা অনেকাংশে কমে এসেছে। জনগণ ভালো মানের বাসায় স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছে এবং আওয়ামীলীগ সরকারের আমলে জনগণের জীবন যাত্রার মান বেড়েছে।
একসময় ভালো বাসা খুঁজে পেতে কষ্ট হতো, রিহ্যাবের কল্যাণে এ পরিস্থিতি এখন অনেকটা বদলে গেছে। তবে রিহ্যাবের সদস্য না হয়ে অনেকে আবাসন ব্যবসা পরিচালনা করছেন। শুধু আবাসন ব্যবসা করলে তো হবে না, ক্রেতারা যাতে মানসম্মত ফ্ল্যাট বুঝে পাই তার দিকে ও দৃষ্টি দিতে হবে।আবাসন ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে রিহ্যাবের সদস্য হতে হবে- বাণিজ্য মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের প্রতিফলন বা প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে না। এখন থেকে সিটি করপোরেশন ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বিষয়গুলো বিবেচনায় রেখে কাজ করবে বলে জানিয়েছেন সিটি মেয়র।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, রিহ্যাবের সদস্য না হলে কোন আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না রিহ্যাব।বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকারি সংস্থাগুলো আবাসনের প্ল্যান পাস করতে রিহ্যাব সদস্যদের সঙ্গে আলোচনা করলে আবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।
রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আল আমিন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল আলম চৌধুরী দোভাষ, রিহ্যাব সহ সভাপতি লিয়াকত আলী ভু্ঁইয়া।
এসময় শিশুদের সংগঠন নিস্পাপ অটিজম ফাউন্ডেশনকে ১ লাখ টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয়। এরপর ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে রিহ্যাব মেলা ২০২০ উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম চৌধুরী দোভাষ।উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো -চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী,কো-চেয়ারম্যান জনাব মাহবুব সোবহান জালাল তানভীর সহ অন্যান্য রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।