ইপিজেড এলাকায় মাল্টিপারপাস অফিসে ডিবির অভিযান: সাড়ে ৮ কোটি টাকা উদ্ধার


চট্টগ্রামের ইপিজেড এলাকায় ‘রূপসা উন্নয়ন ফাউন্ডেশন মাল্টিপারপাস কোম্পানি’ নামে একটি কথিত সমবায় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ঢাকার ডিবি পুলিশ অভিযান চালিয়ে নগদ ৮ কোটি ৪২ লাখ টাকা উদ্ধার করার খবর পাওয়া গেছে।

বিকেল তিনটা থেকে শুরু হওয়া এই অভিযানে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও গার্মেন্টস শ্রমিকরা অভিযোগ করেছেন, ইপিজেডের শ্রমিকদের নানা প্রলোভন দিয়ে সংঘবদ্ধ চক্রটি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।

চট্টগ্রাম নগর পুলিশের ইপিজেড থানার ভারপ্রাপ্ত মীর মোঃ নুরুল হুদা চলমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

ডিবির অভিযান চলাকালে উদ্বিগ্ন গার্মেন্টস শ্রমিকরা পাওনা টাকার জন্য ভিড় করে।

ইতিমধ্যে পাওনাদাররা এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিখিত অভিযোগ করেছেন। এমন অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হওয়ার পর তদন্তে নামে কর্তৃপক্ষ। অভিযোগের সত্যতা পেয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের ইপিজেড চৌধুরী মার্কেটে রূপসা গ্রুপের অফিসে অভিযান শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

ইপিজেড থানা পুলিশ জানায় ‘ডিএমপি ডিবির শক্তিশালী একটি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অভিযান শুরু করে ইপিজেড এলাকায়। রূপসা কিং গ্রুপ নামে একটি সমবায় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান প্রতারণা করে গার্মেন্টস শ্রমিকদের কাছ থেকে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নেয়। এ ধরনের একটি অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমা হয় এর ভিত্তিতে অভিযান শুরু হয়।’

ইপিজেড থানার ওসি তদন্ত মোঃ ওসমান গণি জানান এই অভিযানে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইপিজেড মোড় চৌধুরী মার্কেটস্থ অফিসটি সিলগালা করে দেওয়া হয়েছে। আগামীকাল আদালতের সহায়তায় পরে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

জানা গেছে, রূপসা কিং গ্রুপের নামের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লায়ন মো. মজিবুর রহমান কোম্পানি। তার বাড়ি পটুয়াখালী। এছাড়াও কথিত এই কোম্পানিতে আরও আছেন ভাইস চেয়ারম্যান মো. মুছা হাওলাদার। এছাড়া প্রকল্প পরিচালক হিসেবে রাসেল হাওলাদার ও আমিনুল হক শাহীন।

উল্লেখ্য পুলিশ সূত্রে জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকা গোয়েন্দা পুলিশেল সিরিয়াস ক্রাইম ডিভিশনের একটি ইউনিট সন্ধ্যা থেকে ইপিজেড সংলগ্ন ওই কোম্পানির কার্যালয় ঘেরাও করে অভিযান শুরু করে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.