‘এস১১’ আসছে ১১ ফেব্রুয়ারি?
টেক বিশ্ব:
স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ফোন এস১১ ক্রেতাদের সামনে হাজির করা হতে পারে ১১ ফেব্রুয়ারি। একটি ভিডিও বার্তায় স্যামসাং নিশ্চিত করেছে, সানফ্রান্সিস্কোতে তারা একটি অনুষ্ঠান আয়োজন করবে। তবে ব্র্যান্ডটির নাম ‘এস১১’ নাকি ‘এস২০’ হবে তা এখনও একটু ধোঁয়াশাতেই রেখেছে স্যামসাং। এছাড়া স্যামসাং তার দ্বিতীয় ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করছে বলে জানায় দ্য ভার্জ। সেটাও একই দিন আসছে কিনা তাও নিশ্চিত নয়। কেননা স্যাসমাং জানিয়েছে, তারা একই দিন একাধিক সেট উন্মোচন করবে।
আগের কিছু নিউজে দেখা গেছে, এস১১-এ রয়েছে মাঝ বরাবর হোল পাঞ্চ সেলফি ক্যামেরা আর উপরে এবং নিচের ফ্রেমটি আরও সরু। পেছনের মূল ক্যামেরাটি বেশ বড় তবে তা ‘আইফোন-১১ প্রো’ বা পিক্সেল ফোরের মতো নয়।
স্যামসাংয়ের নতুন এই ফোনটিতে রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। ক্যামেরায় থাকতে পারে অ্যাডভান্সড ফিচার ও এইট-কে ভিডিও রেকর্ডিং।
এদিকে গত মাসের একটি ছবিতে দেখা যায়, স্যামসাংয়ের পরবর্তী ফোল্ডেবল ফোনটি হবে ক্ল্যামশেল স্টাইলে অর্থাৎ তাকে উলম্ব বরাবর ভাজ করা যাবে।