কাপ্তাইয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাঙামাটির কাপ্তাইয়ে নতুন বাজার এলাকা থেকে মো. জাহিদ হাসান (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৯টা দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহিদ হাসান জয় কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম শিফটের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দত্তপাড়ায় মো. দুলাল উদ্দিনের ছেলে।
ভবনের মালিক কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নবী হোসেন জানান, ছেলেটি আমার বাসায় একা ভাড়া থাকতো। সেই অত্যন্ত ভদ্র প্রকৃতির ছেলে, নিয়মিত ভাড়া পরিশোধ করতো। কিন্তু কেন সেই আত্মহত্যা করেছে সেই বিষয়ে বলতে পারছি না।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ধারণা করছি সম্ভবত গত ৬ এপ্রিল শবে কদর এর রাতে আনুমানিক ১০ টার দিকে ছেলেটা আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তদন্ত করে বিষয়টি নিশ্চিত করা যাবে।
কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, লাশটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে ওসি জানান।