চট্টগ্রামে র্যাবের অভিযান, ‘কিশোর গ্যাংয়ের’ প্রধানসহ আটক ৩৩
চট্টগ্রাম নগরীতে অভিযানে চালিয়ে ৬ কিশোর গ্যাংয়ের মোট ৩৩ সদস্যকে আটক করেছে র্যাব-৭।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টানা অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, নগরীর পাঁচলাইশ থানাধীন ফরেস্টগেট রেলক্রসিং এলাকা থেকে রুবেল গ্রুপের প্রধান রুবেলসহ ৬ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। একই থানার মোহাম্মদপুর এয়ার বিল টাওয়ার এলাকায় বাচা গ্রুপের প্রধান বাচা মিয়া ওরফে বাচা সোহেলের নেতৃত্বে ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করা হয়। বায়েজিদ বোস্তামী থানার পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে জনি গ্রুপের ৫ জনকে আটক করা হয়। পাহাড়তলী থানার ১২ কোয়ার্টার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় সাজ্জাদ গ্রুপের ৭ জন আটক করা হয়। একই থানার সরাইপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় সাকিব গ্রুপের ৬ জনকে আটক করা হয়। ডবলমুরিং থানার পাহাড়তলী সরাইপাড়া এলাকা থেকে বিপুল গ্রুপের ৪ জনকে আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার জানান, চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও ছিনতাইয়ে জড়িত ছিল বলে তথ্য পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।