সীতাকুণ্ডে ৭ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ মামলার আসামি মো. হান্নানকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ১টি কার্তুজ জব্দ করা হয়।
গতকাল বুধবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের উত্তর ঘোড়ামারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. হান্নান সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা এলাকার নুর মিয়ার ছেলে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোররাতে পুলিশের টহল ডিউটির সময় সন্ত্রাসী হান্নান উত্তর ঘোড়ামারা এলাকার রেলওয়ে ডিপোর চলাচলের রাস্তায় অস্ত্রসহ অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। বিষয়টির সত্যতা যাচাই করতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে হান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে শরীরে তল্লাশি চালিয়ে দেশে তৈরি একটি ওয়ান শুটার গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তার সন্ত্রাসী হান্নান অস্ত্র বেচাকেনা, ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক পাচার ও অস্ত্র বেচাকেনার মামলাসহ বিভিন্ন অপরাধের ঘটনায় সীতাকুণ্ড থানায় ৭টি মামলা রয়েছে। আদালতে চলমান এসব মামলার সে পরোয়ানাভুক্ত আসামি। তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।