চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ ও চারটি স্টিলের টিপ ছোরা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নারায়ণগঞ্জ সদর থানাধীন ফতুল্লা ব্যাংক কলোনির মো. কামালের ছেলে মো. সজীব ওরফে পিচ্চি সজীব (২৫), কুমিল্লার দাউদকান্দি থানাধীন গৌরীপুর গ্রামের মৃত হিরন মিয়া ওরফে কিরনের ছেলে মো. আল আমিন ওরফে আলামিন (২৩), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন কনিকাড়া গ্রামের মৃত আবুল কাশেম ওরফে আবু কাসেমের ছেলে মো. ইলিয়াছ (৩০), নগরীর বন্দর থানাধীন দক্ষিণ হালিশহর জগন্নাথপাড়ার মৃত মনিন্দ্র দাশের ছেলে সুব্রত দাশ (২৪) এবং কুমিল্লার মুরাদনগর থানাধীন হীরাকালী গ্রামের মৃত মো. ফিকের ছেলে মো. আল আমিন (৩১)। তারা নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় আরও ৭-৮ জন পালিয়ে যায়। তারা সবাই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ ও ৪টি স্টিটের টিপ ছোরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে পিচ্চি সজীবের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১১টি, আলামিনের বিরুদ্ধে ৫টি, ইলিয়াছের বিরুদ্ধে ৪টি, সুব্রত দাশের বিরুদ্ধে দুটি এবং আল আমিনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে জানান ওসি।